নওগাঁ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) নওগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম ও বগুড়া অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার আমির খন্দকার মো. আব্দুর রাকিব। এছাড়া উপস্থিত ছিলেন ধামইরহাট-পত্নীতলার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, সাবেক জেলা আমির অধ্যাপক আব্দুর রশিদ, এএসএম সায়েমসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ওয়ার্ড পর্যায়ে নেতৃত্বকে শক্তিশালী করা এবং দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় কার্যকর ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা সংগঠনের দায়িত্বশীলদের মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা ও প্রত্যাশা জানার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। সম্মেলনে নওগাঁ জেলার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা অংশ নেন।