গণ দিগন্ত ডেস্ক:
দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩ থেকে ১৬তম গ্রেডে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরিত এক চিঠিতে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য খাতে জনবল সংকট পূরণ এবং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ১৩ থেকে ১৬তম গ্রেডের শূন্য পদগুলো পদোন্নতি ও সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের উদ্যোগ নিতে হবে। নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহের নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে ১০ ফেব্রুয়ারির আগে যেসব স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন গ্রহণ করা হলেও নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি, সেসব প্রতিষ্ঠানে নতুন করে শূন্য পদের ছাড়পত্র নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করতে বলা হয়েছে। আগের আবেদনগুলোর সঙ্গে সমন্বয় করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠানে নিয়োগসংক্রান্ত মামলা বা প্রশাসনিক জটিলতা থাকলে তা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতেও বলা হয়েছে। পাশাপাশি নিয়োগ কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে নির্ধারিত ছকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখায় তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।