নৈতিক মান ঠিক রেখে ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করতে হবে: ডা. শফিকুর রহমান
রাজশাহী প্রতিনিধি:
দায়িত্বশীলদের নৈতিক মান, সততা, আমানতদারি ও মানুষের প্রতি দায়িত্ববোধ বজায় রেখে ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ২টায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. গোলাম মুর্তজার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মো. মুজিবুর রহমান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম এবং রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলী এমপিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ডা. শফিকুর রহমান বলেন, একটি সংগঠনের শক্তি শুধু সাংগঠনিক কাঠামোর ওপর নির্ভর করে না; বরং দায়িত্বশীলদের চরিত্র, সততা, আমানতদারি ও মানুষের প্রতি দায়িত্ববোধের ওপরও তা নির্ভরশীল। তাই প্রত্যেক দায়িত্বশীলকে ব্যক্তিগত জীবন ও সাংগঠনিক কর্মকাণ্ডে নৈতিকতার সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। তিনি বলেন, প্রতিকূল ও সংকটময় সময়ে যারা সাহস, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের দায়িত্ব পালন করেছেন, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের যেকোনো সংকট মোকাবিলায় দায়িত্বশীলদের বিচক্ষণতা, ধৈর্য ও সাংগঠনিক শৃঙ্খলার পরিচয় দিতে হবে। জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে জামায়াত আমির বলেন, মানুষের কাছে গিয়ে তাদের কথা শুনতে হবে এবং সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি। ইনসাফের প্রশ্নে কোনো আপস করা যাবে না। দায়িত্বশীলদের নিজেদের আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে ন্যায়, সততা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, দায়িত্ব কোনো পদমর্যাদার বিষয় নয়, এটি একটি আমানত। তাই আল্লাহর ওপর আস্থা রেখে সততা, নিষ্ঠা ও আমানতদারির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আল্লাহভীতি, সততা ও নৈতিক চরিত্রের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে এবং জনগণের অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। সম্মেলনে রাজশাহী জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও রুকনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দায়িত্বশীলদের নৈতিক মান উন্নয়ন এবং জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


