ডেস্ক রিপোর্ট :
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে ‘প্রফেসর গোলাম আযম অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ মিলনায়তন ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হয়। প্রফেসর গোলাম আযমের স্মরণে গবেষণা কেন্দ্রটির নামকরণ করা হয়েছে বলে আয়োজকরা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মাওলানা মো. মোবারক হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য মো. নজরুল ইসলাম খাদেম। অনুষ্ঠানে সাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মো. গোলাম ফারুকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বক্তারা বলেন, নতুন এ অডিটোরিয়াম ও রিসার্চ সেন্টারের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্বীনি শিক্ষা, শিক্ষা-গবেষণা ও সামাজিক কর্মকাণ্ড আরও সুসংগঠিত ও গতিশীল করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি গবেষণা ও জ্ঞানচর্চার মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম সম্প্রসারণে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।