আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
ডেস্ক রিপোর্ট :
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ৪৬তম “কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায়” বিশ্বজয় করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন। একই প্রতিযোগিতার ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন আরেক বাংলাদেশি প্রতিনিধি হাফেজ মাহমুদুল হাসান আশরাফী। গত বুধবার (১৯ আগস্ট) মক্কার পবিত্র মসজিদুল হারামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। প্রতিযোগিতা চলাকালে এক সাক্ষাৎকারে অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বলেন, কোরআনই তাকে একটি ছোট গ্রাম থেকে পবিত্র মক্কা নগরীতে নিয়ে এসেছে, আর বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারাটাকে তিনি জীবনের অন্যতম বড় সম্মান বলে অভিহিত করেন।


