ঢাকা প্রতিনিধি:
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিচালিত তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স ২০২৬/২-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

অনুষ্ঠানে বাংলাদেশের গণমাধ্যম, সংবাদ পরিবেশনের প্রভাব এবং সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে ‘Impact of Media and Yellow Journalism in Bangladesh’ শীর্ষক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

ক্যাপস্টোন কোর্সে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের মোট ৩৯ জন ফেলো অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে জাতীয় সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, খ্যাতনামা শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিরা ছিলেন।

তিন সপ্তাহব্যাপী এ কোর্সে জাতীয় নিরাপত্তা, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, কূটনীতি, প্রশাসন, প্রতিরক্ষা, গণমাধ্যমসহ দেশের গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান ক্যাপস্টোন কোর্স সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারী সকল ফেলোকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের জন্য তাঁদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশের জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে আয়োজিত এ ধরনের কোর্স পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, জাতীয় স্বার্থ সম্পর্কে সমন্বিত ধারণা তৈরি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।