গণ দিগন্ত ডেস্ক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস বিভাগের উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর খিলক্ষেত লেক সিটির এ অ্যান্ড এএমএস গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে নোয়াখালী শহর শাখা ও নরসিংদী জেলা শাখা মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নোয়াখালী শহর শাখাকে পরাজিত করে নরসিংদী জেলা শাখা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৫ জুন সারাদেশের ১৩৮টি শাখার অংশগ্রহণে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার সেমিফাইনালে নোয়াখালী শহর শাখা দিনাজপুর শহর শাখাকে এবং নরসিংদী জেলা শাখা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখাকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি বলেন, জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে আয়োজিত কর্মসূচির অন্যতম উদ্দেশ্য ছিল জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখা। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের নেতৃবৃন্দ ও বিভিন্ন শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নরসিংদী জেলা শাখাকে নগদ ৫০ হাজার টাকা এবং রানার্সআপ নোয়াখালী শহর শাখাকে ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি উভয় দলকে মেডেল ও ট্রফি প্রদান করা হয়।