চাঁদার টাকা না পেয়ে সাংবাদিক মিজানুর রহমান রানার ওপর হামলা
গণ দিগন্ত ডেস্ক:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক মিজানুর রহমান রানার ওপর হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগ, গত ২ আগস্ট থেকে রামপুর মজুমদার বাড়ির রবিউল ও তার বাবা দেলোয়ার হোসেন মজুমদার তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৮ আগস্ট রাতে রামপুর বাজারের পাঠান মেডিকেলের সামনে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি মুখ ও ঘাড়ে আঘাত পান। পরে ১৯ আগস্ট তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং একই দিন এ ঘটনায় চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন তিনি। মিজানুর রহমান রানা আরও অভিযোগ করেন, অভিযুক্তরা এর আগে রামপুর বাজারের কয়েকজন ব্যবসায়ীর কাছেও চাঁদা দাবি করেছিলেন এবং চাঁদা না দেওয়ায় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের ঘটনাও ঘটেছিল। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দার অভিযোগ, একটি চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকরা।


