গণ দিগন্ত ডেস্ক:
বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকদের বদলি কার্যক্রম দু-এক দিনের মধ্যে শুরু হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব (মাদ্রাসা শাখা-১) মো. রাহাত মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বদলি কার্যক্রম শুরু করতে শিগগিরই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে একটি চিঠি পাঠানো হবে এবং জরুরি প্রয়োজন থাকা শিক্ষকদের জন্য প্রাথমিকভাবে ম্যানুয়ালি বদলি কার্যক্রম শুরু করা হবে। সফটওয়্যার তৈরিতে সময় লাগায় আপাতত ম্যানুয়াল পদ্ধতিতে এ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের ম্যানুয়ালি বদলি কার্যক্রম শুরু করতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ইতোমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিতে অধিদপ্তরের একজন পরিচালক আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। কমিটির সুপারিশ অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং অনুমোদন পাওয়ার পর অধিদপ্তরে চিঠি পাঠিয়ে বদলি কার্যক্রম শুরু করা হবে। দেশে বর্তমানে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে। এর মধ্যে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ে যথাক্রমে ৫ হাজার ৭৬৭টি, ১ হাজার ২৮৫টি, ৯৯৩টি ও ১৮৪টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।