গণ দিগন্ত ডেস্ক: বাংলাদেশে নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছে মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল। রবি আজিয়াটা পিএলসি ‘সার্কেল’ নামে নতুন ব্র্যান্ড উন্মোচন করেছে। নতুন পরিচয়ে এলেও এয়ারটেলের বর্তমান গ্রাহকদের সেবায় বড় কোনো পরিবর্তন আসছে না। গ্রাহকদের বিদ্যমান ০১৬ নম্বর, সেবা প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই সচল থাকবে। একইভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ প্রজন্মের চাহিদা ও পরিবর্তিত ডিজিটাল বাস্তবতার কথা বিবেচনায় রেখে ‘সার্কেল’কে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা হিসেবে গড়ে তোলা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ভবিষ্যতমুখী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের আরও সাশ্রয়ী ও ডিজিটালনির্ভর সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে নতুন ব্র্যান্ডটির। রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, দীর্ঘদিন ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে; ‘সার্কেল’ সেই যাত্রার পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সঙ্গে সংযোগ ও সেবার মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। উল্লেখ্য, ২০০৭ সালে ওয়ারিদ টেলিকম বাংলাদেশে মোবাইল নেটওয়ার্ক সেবা চালু করে এবং পরবর্তীতে ২০১০ সালে এয়ারটেল নামে সেবা কার্যক্রম পরিচালনা শুরু করে। এবার দীর্ঘ পথ পেরিয়ে নতুন ব্র্যান্ড পরিচয়ে ‘সার্কেল’ হিসেবে যাত্রা শুরু করল প্রতিষ্ঠানটি।