সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল ঘোষণা হতে পারে যেকোনো সময়
গণ দিগন্ত ডেস্ক:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় তা ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকারের প্রতিশ্রুতি রয়েছে এবং বিষয়টি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি জানান, দেশের বর্তমান বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট অন্যতম। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে এবং আগের সরকার প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। সংকট মোকাবিলায় বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মুখ্য সচিব। একই সঙ্গে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, খাল খননসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি ও অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেল হয়নি। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর প্রয়োজন রয়েছে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে মূল্যস্ফীতি মোকাবিলায় সরকার কাজ করছে।


