গণ দিগন্ত ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ১৩টি হলের মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে ধর্মীয় পাঠাগার চালু করা হয়েছে। শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানচর্চার সুযোগ বাড়ানো এবং পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘জাকসু রিলিজিয়াস লাইব্রেরি ইনিশিয়েটিভ’ প্রকল্পের আওতায় এসব পাঠাগার স্থাপন করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে জাকসু ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পাঠাগারগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন হলের মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরের পাঠাগারের জন্য প্রয়োজনীয় বই ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

একই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার স্থাপনের সুবিধার্থে ৫০ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট, জাকসুর নেতৃবৃন্দ এবং হল সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরকে শুধু উপাসনার স্থান হিসেবে নয়, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও নৈতিক বিকাশের ক্ষেত্র হিসেবেও গড়ে তোলার লক্ষ্য রয়েছে। ধর্মীয় পাঠাগারের মাধ্যমে শিক্ষার্থীরা অবসর সময়ে বিভিন্ন ধর্মীয় ও নৈতিক বিষয়ক বই পড়ার সুযোগ পাবেন।

জাকসুর এই উদ্যোগকে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মূল্যবোধ ও পারস্পরিক সহাবস্থানকে উৎসাহিত করার একটি কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।