গণ দিগন্ত ডেস্ক:
দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মোকাবিলায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৪ আগস্ট) তিনি রাষ্ট্রপতির কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠান। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও দেওয়া হয়েছে।

চিঠিতে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিদ্যুৎ সংকটের কারণে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে।

চিঠিতে আরও বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও জনগণের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করছে। এমন পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা করে দ্রুত সমাধানের পথ খুঁজে বের করা প্রয়োজন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে নীরব থাকার সুযোগ নেই। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দলের মধ্যে অর্থবহ আলোচনা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ জরুরি। সংসদে আলোচনার মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণ চিহ্নিত করার পাশাপাশি তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে শুধু একটি খাতের সমস্যা হিসেবে দেখলে চলবে না। এর সঙ্গে শিল্প-উৎপাদন, ব্যবসা-বাণিজ্য, দ্রব্যমূল্য, মানুষের জীবনযাত্রা এবং দেশের সামগ্রিক অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরাসরি সম্পৃক্ত। তাই সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ অবস্থায় দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ আনুষঙ্গিক সমস্যাগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।