গণ দিগন্ত ডেস্ক:
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে চাঁদপুরে অসাধারণ সাফল্য অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। শতভাগ পাসের পাশাপাশি কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরা দশের তালিকায় স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি। চাঁদপুর সদর উপজেলার বিদ্যালয়গুলোর মধ্যে শতভাগ পাসের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি শীর্ষস্থানীয় সাফল্য অর্জন করেছে।

সোমবার (১০ আগস্ট) সারাদেশের সঙ্গে চাঁদপুরেও এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ বছর ৭০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই কৃতকার্য হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হার ও জিপিএ-৫—উভয় সূচকেই চাঁদপুর সদরের বিদ্যালয়গুলোর মধ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শতভাগ পাসের দিক থেকে প্রতিষ্ঠানটি চাঁদপুরের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে।

জেলা শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চাঁদপুর জেলার ২৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাধারণ ধারায় মোট ২১ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৭৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮৫ জন। জেলায় সাধারণ এসএসসিতে গড় পাসের হার ৬৩ দশমিক ৭৫ শতাংশ।

চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় ফলাফলের চিত্রে পার্থক্য থাকলেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শতভাগ পাসের ফলাফল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।

প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের পেছনে নিয়মিত পাঠদান, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীদের নিবিড় তত্ত্বাবধান এবং মনোরম শিক্ষার পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে মনোরম পরিবেশে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ। প্রতিষ্ঠানটিতে আধুনিক ও আকর্ষণীয় ভবন, খেলাধুলার মাঠ, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং পরিচ্ছন্ন শিক্ষার পরিবেশ রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ বিকাশে ধর্মীয় অনুশাসন, স্কাউটিং কার্যক্রম, জাতীয় দিবস পালন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটির শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও ব্যক্তিগতভাবে তাদের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলার চেষ্টা করা হয়। এর ফলে প্রতিবছরই এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করছে।

এবারের শতভাগ পাস এবং ১৭ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন সেই ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।