এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী!
গণ দিগন্ত ডেস্ক: রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী ঘোষণা করার পর সরকারের মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তাঁর দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব বণ্টনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের হাতে দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির উচ্চপর্যায়ের বৈঠকে দলের চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই মন্ত্রিসভার সম্ভাব্য পুনর্বিন্যাস নিয়ে আলোচনা জোরালো হয়েছে।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় বর্তমান মন্ত্রিত্ব ও দলীয় মহাসচিবের দায়িত্ব থেকে তাঁকে সরে দাঁড়াতে হবে কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তাঁর রাষ্ট্রপতি প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টনের প্রয়োজন দেখা দিয়েছে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তনের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং সরকারের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বিষয়গুলো দেখভালের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব বণ্টন করা হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।
তবে মন্ত্রিসভার সম্ভাব্য এই রদবদলের বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে শেষ পর্যন্ত কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা আনুষ্ঠানিক সিদ্ধান্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী ঘোষণার পর এখন তাঁর মনোনয়নপত্র দাখিল ও মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তনের দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।


