গণ দিগন্ত ডেস্ক:
ক্ষমতা গ্রহণের ছয় মাস পূর্ণ করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এই সময়ে প্রশাসনিক পুনর্বিন্যাস, সামাজিক সুরক্ষা, ব্যাংকিং খাত, বাজেট, জ্বালানি, আইনশৃঙ্খলা ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক উদ্যোগ নেওয়া হলেও কাঙ্ক্ষিত ফলাফল কতটা এসেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের প্রথম ছয় মাসের মূল্যায়নে দেখা যাচ্ছে, সিদ্ধান্ত গ্রহণ ও বিভিন্ন প্রকল্প শুরুর ক্ষেত্রে তৎপরতা থাকলেও প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা, কর্মসংস্থান ও দ্রব্যমূল্যের মতো জনজীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি এখনো সীমিত। সরকারের নিজস্ব হিসাবে প্রথম ৬০ দিনে ৬০টি এবং প্রথম ১০০ দিনে প্রায় ২০০টি উদ্যোগ ও প্রকল্প নেওয়া হয়েছে। একই সময়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবিও করা হয়েছে। সংসদের প্রথম ২৫ কার্যদিবসে ৯৪টি বিল পাসের কথাও জানিয়েছে সরকার। তবে বিশ্লেষণে বলা হয়েছে, উদ্যোগ ও সিদ্ধান্তের সংখ্যা দিয়ে সরকারের সাফল্য নির্ধারণ করা যায় না; মানুষের জীবনে এসব সিদ্ধান্তের বাস্তব প্রভাবই হবে মূল বিবেচনা। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন ও ক্ষমতার ভারসাম্যের মতো মৌলিক বিষয়গুলো এখনো বড় পরীক্ষার মুখে। আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও চাঁদাবাজি, দখল, মব-সহিংসতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে। অর্থনীতিতে রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের মতো কিছু ইতিবাচক সূচক থাকলেও বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প, ব্যাংক পুনঃমূলধনীকরণ, প্রশাসনিক পুনর্বিন্যাস ও বিভিন্ন ডিজিটাল উদ্যোগকে সরকারের কাজ শুরুর অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে আগামী ছয় মাসে এসব উদ্যোগের বাস্তব ফল কতটা মানুষের কাছে পৌঁছায়, সেটিই হবে সরকারের জন্য বড় অগ্নিপরীক্ষা।