পাবনায় আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র্যালি ও সমাবেশ
গণ দিগন্ত ডেস্ক:
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ পাবনা পৌর শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুবসমাজকে সচেতন করা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়।
বুধবার (১২ আগস্ট) বিকেলে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ারের সামনে শহীদ চত্বর থেকে র্যালিটি বের হয়। এতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ চত্বরে এসে শেষ হয়।
পরে শহীদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনা পৌর যুব বিভাগের মঞ্জিল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, সহকারী সেক্রেটারি ইকরামুল হক, যুব জামায়াতের জেলা সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও জেলা সেক্রেটারি তাইজুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। আজকের তরুণরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, বর্তমানে অনেক যুবক মাদকের নেশায় আসক্ত হয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে। এর নেতিবাচক প্রভাব শুধু ব্যক্তির ওপরই নয়, পরিবার ও পুরো সমাজের ওপর পড়ছে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে মাদকের চোরাচালান ও সরবরাহের উৎস বন্ধে কার্যকর সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ নিতে হবে।
তারা বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়ানো এবং নৈতিক শিক্ষার প্রসার ঘটানোর মাধ্যমে একটি আদর্শ ও দায়িত্বশীল যুবসমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।


