বৃহস্পতিবারই পদত্যাগ করছেন মির্জা ফখরুল?
গণ দিগন্ত ডেস্ক:
রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় আসার পর তাঁর পদত্যাগের সময় নিয়েও রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী হলে মির্জা ফখরুলকে স্থানীয় সরকারমন্ত্রীর পদ ছাড়তে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার হওয়ায় ওই দিনই তাঁর পদত্যাগের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে আলোচনা রয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম ঘোষণা করা হয়নি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার ক্ষমতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর রয়েছে। মির্জা ফখরুলও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি ইস্যুতে এ মুহূর্তে তাঁর কিছু বলার নেই এবং নির্ধারিত সময়ের পর বিষয়টি পরিষ্কার হবে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট। ফলে বৃহস্পতিবারই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এবং মির্জা ফখরুলের পদত্যাগের বিষয়টি স্পষ্ট হতে পারে।


