পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
ডেস্ক রিপোর্ট :
দাখিল পরীক্ষা–২০২৬-এ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। মেধাবী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন, তাদের উৎসাহিত করা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাসে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে কৃতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির ও ঈশ্বরদী উপজেলার সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জন করতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইনসহ শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও অনুপ্রাণিত করবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা এবং জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার আলোয় আলোকিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


