গণ দিগন্ত ডেস্ক:
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।

সোমবার (১০ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়া হলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও ঘুষ-বাণিজ্যের পুরোনো চক্র আবারও সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএর সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে যোগ্য, মেধাবী ও দক্ষ শিক্ষক নিয়োগের কোনো বিকল্প নেই। নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব স্থানীয় ম্যানেজিং কমিটির হাতে তুলে দেওয়া হলে শিক্ষক নিয়োগে রাজনৈতিক ও স্থানীয় প্রভাব বিস্তারের পাশাপাশি আর্থিক লেনদেনের সুযোগ তৈরি হতে পারে।

তিনি বলেন, এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতামূলক পরীক্ষাকে গুরুত্ব দেওয়ায় নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি অনেকাংশে নিশ্চিত হয়েছে। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত মর্যাদাও বৃদ্ধি পেয়েছে।

জামায়াতের এই নেতা বলেন, বিদ্যমান নিয়োগব্যবস্থায় যেসব সীমাবদ্ধতা ও জটিলতা রয়েছে, সেগুলো দূর করে ব্যবস্থাটিকে আরও কার্যকর করা প্রয়োজন। এর পরিবর্তে আবারও ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দিলে অতীতে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগগুলো ছিল, সেগুলোর পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের সুযোগ থাকা উচিত নয়। কারণ যোগ্য শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।

সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার উদ্যোগ বাতিলের দাবি জানান। একই সঙ্গে এনটিআরসিএর বিদ্যমান নিয়োগব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও কার্যকর করার আহ্বান জানান তিনি।

প্রয়োজনে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আদলে একটি স্বাধীন ও নিরপেক্ষ কাঠামোর মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করার প্রস্তাবও দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তার মতে, শিক্ষক নিয়োগে মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।