ডেক্স রিপোর্ট :

নওগাঁর ১০ ও নাটোরের ৩ শ্রমিক নিহত; ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যুর তথ্য, চলছে উদ্ধার অভিযান
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁ ও নাটোরের অন্তত ১৩ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার তিনজন রয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। জীবিকার তাগিদে সৌদি আরবে যাওয়া এসব বাংলাদেশি ওই সোফা কারখানায় কর্মরত ছিলেন। অগ্নিকাণ্ডের পর স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম। অনেক পরিবার এখনো স্বজনের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আত্রাই উপজেলায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। নিহতদের মধ্যে কালিকাপুর ইউনিয়নের কলি ও লুৎফরসহ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা রয়েছেন।

নাটোরের নিহত তিনজন হলেন—নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের দিঘির পাড় গ্রামের শামীম হোসেন, শ্রীপুর গ্রামের সাব্বির হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের রবিউল আউয়াল।

নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাস, রিয়াদের লেবার কাউন্সেলর মো. রেজা রাব্বির বরাতে জানিয়েছে, ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে মৃত ব্যক্তিদের সবাই বাংলাদেশি বলে জানানো হয়েছে। তবে স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ তখনো চলছিল।

লাশ দেশে ফেরানো ও সহায়তার আশ্বাস

মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, প্রবাসী শ্রমিকদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

মন্ত্রী জানান, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ ও দুর্ঘটনাস্থলের সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রবাসের মাটিতে পরিবারের স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে পাড়ি দেওয়া এসব শ্রমিকের এমন করুণ মৃত্যুতে নওগাঁ ও নাটোরের বহু পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।