রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নতুন সমীকরণ, ১১ দলের প্রার্থী অলি আহমদ
বিশেষ প্রতিনিধি :
বিএনপির সংস্কার-অনাগ্রহের অভিযোগ তুলে আলাদা প্রার্থী দিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জোটের শীর্ষ নেতাদের বৈঠকে সর্বসম্মতিক্রমে তার প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের অলি আহমদের প্রার্থিতা ঘোষণার বিষয়টি জানান।
নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও জুলাই সনদের বিষয়ে বিএনপি অনীহা প্রকাশ করেছে এবং তারা আগের সরকারগুলোর পথেই হাঁটছে। বিএনপি সংস্কারে সম্মত হলে সরকার ও বিরোধী দল যৌথভাবে একজন প্রার্থী দিতে পারত। কিন্তু সে উদ্যোগ না থাকায় ১১ দলীয় জোট নিজেদের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রার্থিতা ঘোষণার পর কর্নেল (অব.) অলি আহমদ ১১ দলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি ১১ দলের সবাইকে কৃতজ্ঞ। জাতির সঙ্গে কখনও বেইমানি করব না। জাতির জন্য যেটা ভালো, সেটাই করব।”
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “দেশের কল্যাণের জন্য সর্বোচ্চ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছি।”
বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জাগপার রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মামুনুল হক, এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারীসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল
নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ আগস্ট। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।
আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
কে এই অলি আহমদ?
কর্নেল (অব.) অলি আহমদ একজন মুক্তিযোদ্ধা। তিনি বিএনপি সরকারের সাবেক মন্ত্রী। ২০০৬ সালে তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রতিষ্ঠা করেন। এবার জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমর্থনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি।


