খুলনা প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, খুলনা মহানগরীর উদ্যোগে পেশাভিত্তিক মহিলা শ্রমিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী মহিলা বিভাগের সভানেত্রী দোররোশা শাহার লাকী।

সমাবেশে বিভিন্ন পেশার নারী শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন। এ সময় নারী শ্রমিকদের কর্মপরিবেশ, অধিকার, মর্যাদা ও কল্যাণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থায় নারী শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ কর্মক্ষেত্রে অনেক নারী শ্রমিক ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও যথাযথ মর্যাদা থেকে বঞ্চিত হন। নারী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সমাবেশে নারী শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার ও ন্যায্য দাবির বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের কল্যাণে সংগঠিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং খুলনা মহানগরীর বিভিন্ন পেশার মহিলা শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।