মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে প্রাণ গেল ৩ বাংলাদেশির, গ্রেপ্তার ১
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি সহকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। গত সোমবার (৩ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে দেশটির নেগেরি সেম্বিলান রাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকার একটি শ্রমিক আবাসনে এ ঘটনা ঘটে।
নিহত, আহত ও এই ঘটনার প্রধান সন্দেহভাজন—সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ প্রথমে তামান লিঙ্গির একটি বাড়ি থেকে একজনকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে সুয়া মাঙ্গিস এস্টেট এলাকার একটি বাগান থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। নিহত তিন বাংলাদেশির শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহত অপর শ্রমিককে দ্রুত রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।
এই হত্যাকাণ্ডের সন্দেহে ৪০ বছর বয়সী একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ, যার বিরুদ্ধে এর আগে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি।
নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমাদ জানান, মামলাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যাকাণ্ড) তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে রিমান্ডে নেওয়ার আবেদনের জন্য মঙ্গলবার (৪ আগস্ট) পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।
পুলিশের ধারণা, এই প্রাণঘাতী সংঘর্ষ একাধিক স্থানে সংঘটিত হয়েছে, তবে ঠিক কী কারণে বা কোন বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের স্বার্থে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ।


