দ্বীন প্রতিষ্ঠাই জামায়াত কর্মীদের জীবনের মূল লক্ষ্য হতে হবে: নূরুল ইসলাম বুলবুল এমপি
দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে পরিপূর্ণভাবে নিয়োজিত করাই প্রতিটি জামায়াত কর্মীর জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূত্রাপুর-কোতয়ালী-গেন্ডারিয়া জোনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আল্লাহর জমিনে সব ধরনের জুলুমের অবসান ঘটাতে, মানবতার কল্যাণে এবং আল্লাহর হুকুমাতের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিটি জামায়াত কর্মীকে ঈমানের দাবি নিয়ে এগিয়ে আসতে হবে। নিয়মিত কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন এবং জামাতে নামাজ আদায়ের মাধ্যমে জ্ঞান বৃদ্ধি ও চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সালাতভিত্তিক সমাজব্যবস্থা কায়েমের লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সার্বক্ষণিক জিকির ও ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে প্রতিটি কর্মীকে নিজের ঈমান মজবুত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে সূত্রাপুর-কোতয়ালী-গেন্ডারিয়া জোন পরিচালক ও মহানগরী অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান সভাপতিত্ব করেন এবং জোন টিম সদস্য মাওলানা নেছার উদ্দিন অনুষ্ঠান পরিচালনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আমীর মাওলানা মতিউর রহমান, সূত্রাপুর থানা আমীর দাইয়ান সালেহিন, সূত্রাপুর পূর্ব থানা আমীর নোমান শিকদার, সূত্রাপুর থানা সেক্রেটারি সুলতানুর রহমান এবং গেন্ডারিয়া থানা সেক্রেটারি মাসুদ হেলাল জব্বার, সেই সঙ্গে জোনের বিভিন্ন সাংগঠনিক থানার দায়িত্বশীলরা।


