বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, “সত্যিকার অর্থে জুলাই শেষ হয়নি। জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের সংগ্রাম এখনও চলমান। রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে।”

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক চিত্রপ্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. মাহমুদা আলম মিতু এমপি, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. হেলাল উদ্দিন ও জাহিদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে এখনও স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তির নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাঁর ভাষায়, জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার এবং গণভোটে জনগণের দেওয়া ‘হ্যাঁ’-এর রায় এখনও বাস্তবায়িত হয়নি; বরং সেই গণরায়কে উপেক্ষা করা হয়েছে।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণভোটের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে দলীয়করণ চলছে। স্থানীয় সরকার থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে তিনি বলেন, জুলাই আন্দোলনের সমন্বয়কদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না, এমনকি বিভিন্ন কর্মসূচি পালনের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, “পতিত স্বৈরাচার শেখ হাসিনা দিল্লিতে বসে সংবাদ সম্মেলন করছেন। অথচ সরকার কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ না করে কেবল বিবৃতি দিয়ে দায়সারা ভূমিকা পালন করছে।”

তিনি আরও বলেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন নিশ্চিত করা না গেলে বর্তমান সরকারও স্বৈরাচারী চরিত্র ধারণ করতে পারে। তাঁর দাবি, বর্তমান সরকার জনগণের আস্থা ও ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি হারিয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলা এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগও করেন তিনি।

চিত্রপ্রদর্শনী পরিদর্শন শেষে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “আমরা চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করছি। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে কোনো চক্রান্ত বা আধিপত্যবাদী ষড়যন্ত্র যেন আমাদের অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে, সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে তুলে ধরতেই বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক এই চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে জুলাই আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, স্মারক ও দলিল দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হয়।