ডাকসুর উদ্যোগে ঢাবিতে শুরু হলো মাসব্যাপী লেখালেখি ও নাট্য কর্মশালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতিচর্চার নতুন উন্মেষ ঘটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজন করেছে মাসব্যাপী ‘লেখালেখি ও নাট্য কর্মশালা’। আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এই কর্মশালার শুভ উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সাহিত্যকেন্দ্র ও নটনাট্য’র সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। তরুণ প্রজন্মের মাঝে সৃজনশীল লেখালেখি ও নান্দনিক নাট্যশৈলীর চর্চা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।
উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্যে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘আমরা ডাকসুর পক্ষ থেকে চেষ্টা করেছি শিক্ষার্থীদের লেখালেখিতে উৎসাহিত করতে। এই উদ্যোগে ইতোমধ্যে প্রায় ৬০০-র মতো শিক্ষার্থী নিবন্ধন করেছেন এবং তারা এই কর্মশালা থেকে শিখবেন।’ তিনি আরও জানান, সপ্তাহে দুটি অনলাইন ক্লাস এবং একটি সরাসরি ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন লেখক ও গবেষক মোহাম্মদ জসিম উদ্দিন, কবি আফসার নিজাম, নাট্যকার ও নির্মাতা হুসনে মোবারক, চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা এইচ এম তানভীর হাসান, কবি তাসনিম মাহমুদ, কবি ফরিদ সাঈদ এবং আবৃত্তিকার তারিক হাসিব। অতিথিরা সৃজনশীল চিন্তা, গল্প ও নাট্যরচনা এবং মঞ্চ পরিবেশনার গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে আলোকপাত করেন।
মাসব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণার্থীরা অনলাইন ও সরাসরি উভয় মাধ্যমেই যুক্ত থাকার সুযোগ পাবেন। বিশেষ করে, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে মানসম্মত লেখা বাছাই করে একটি স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী দিনে শিক্ষার্থীরা লেখালেখি ও নাট্যচর্চা নিয়ে নিজেদের ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।


