বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মান্দায় প্রধানমন্ত্রীর বরাবর জামায়াতের স্মারকলিপি
বিদ্যুৎ , তেল, গ্যাস, পেট্রোল, ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) দুপুর ১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি জমা দেয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. ইলিয়াস খান, সহকারী সেক্রেটারি হাফেজ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুর রাকিব, যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক, অফিস সম্পাদক হাফেজ আইনাল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাহবুব মিঠু, ব্যবসায়ী ফোরামের সভাপতি আব্দুর রাকিব চৌধুরী, যুব সেক্রেটারি নূরনবী ইসলামসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
জামায়াত নেতারা বলেন, বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি খাতে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং জনগণের ক্রয়ক্ষমতা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
স্মারকলিপি গ্রহণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাস দেন।
উল্লেখ্য, বিদ্যুৎ, তেল, গ্যাস, পেট্রোল, ডিজেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলা ও উপজেলায় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হচ্ছে।


