গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে সরকারি জলাতঙ্ক ভ্যাকসিন রোগীদের না দিয়ে বাইরে থেকে কিনতে বাধ্য করার অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

রোববার (২ আগস্ট) সকাল ১১টার দিকে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় হাসপাতালে তাৎক্ষণিকভাবে দেখা হয় কুকুরের কামড়ে আহত এক রোগীর সঙ্গে। মন্ত্রী তাঁর কাছে জানতে চান জলাতঙ্কের ভ্যাকসিন কোথা থেকে সংগ্রহ করেছেন। রোগী জানান, ১ হাজার ৩০ টাকা দিয়ে বাইরে থেকে কিনে এনেছেন তিনি।

এরপর মন্ত্রী হাসপাতাল তত্ত্বাবধায়কের কাছে জানতে চান, সরকারি ভ্যাকসিন কেন হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে না। এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে না পারায় সংশ্লিষ্ট দুইজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

কুকুরে কামড়ানো ওই নারী জানান, সকালে কুকুরের কামড়ের শিকার হয়ে ভ্যাকসিন নিতে হাসপাতালে যান তিনি। তবে হাসপাতাল থেকে জানানো হয়, ভ্যাকসিন মজুত নেই, বাইরে থেকে কিনে আনতে হবে— যে কারণে বাধ্য হয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনেন তিনি। বিষয়টি জানার পর ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক সংকটসহ আরও কয়েকটি সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাসুদুর রহমান আকন্দসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।