জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ছবি বা উপস্থিতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারিই হতে পারে না।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা ও আলোচনা সভায় প্রদর্শিত ডকুমেন্টারি নিয়েই এই বিতর্কের সূত্রপাত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতীক শহীদ আবু সাঈদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি না থাকায় সমালোচনা ও বিক্ষোভ শুরু হয়। অসঙ্গতির অভিযোগ তুলে অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের একাংশ প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান থেকে ওয়াকআউট করেন।

পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ স্বীকার করেন, ডকুমেন্টারিতে বেশ কিছু ভুল ও ঘাটতি ছিল। তিনি বলেন, আবু সাঈদ এই বিপ্লবের প্রতীক ও মূল চালিকাশক্তি, তাঁর ছবি ছাড়া প্রামাণ্যচিত্রটি সম্পূর্ণ হতে পারে না। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রী প্রকাশ্যেই এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সবাইকে শান্ত থাকার এবং জাতীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা এড়িয়ে চলার আহ্বান জানান।