জুলাই গণঅভ্যুত্থান দিবসে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গুম-খুন, দুর্নীতি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিচারসহ বিভিন্ন দাবিতে চাঁদপুরে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।
বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের বায়তুল আমিন চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান।
ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনা বন্ধে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সহিংসতা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. আবুল হোসাইন, ফরিদগঞ্জ উপজেলা আমির মাওলানা মো. ইউনুছ হেলাল, চাঁদপুর পৌর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহবুবুল আলম এবং খেলাফতে মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি শোয়াইব।
এ সময় জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, সদর উপজেলা আমির আফসার উদ্দিন মিয়াজী, ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি জাহিদুল ইসলাম, জেলা সভাপতি হাসিবুর রহমান হাসানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


