শিরোনাম: ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশনা
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি চিঠি জারি করে, যা পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে।
চিঠিতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী “জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬” যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এর পাশাপাশি দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভারও আয়োজন করার কথা বলা হয়েছে চিঠিতে।
এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


