প্রতিশোধের রাজনীতি নয়, ম্যান্ডেলার পথে চলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সেবার মানসিকতা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার (২ আগস্ট) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চ্যামনি মেমোরিয়াল হলে আয়োজিত ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের (১ম পর্যায়) সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ে গুম, নিখোঁজ, বিচারবহির্ভূত নিপীড়ন ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া প্রতিটি অভিজ্ঞতাকে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠার শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি দূর করে যেকোনো মূল্যে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিতের ওপর জোর দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে নিশ্চিত করতে হবে যেন সমাজে আর কখনো কোনো নাগরিককে অতীতের মতো নির্যাতনের শিকার হতে না হয়।
বক্তব্যে বিশ্ববরেণ্য অহিংস নেতা নেলসন ম্যান্ডেলার ২৭ বছরের দীর্ঘ কারাজীবন ও অমানুষিক নির্যাতনের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, ম্যান্ডেলা যেভাবে প্রতিশোধ না নিয়ে সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করেছিলেন, ঠিক তেমনি বাংলাদেশকেও প্রতিশোধের রাজনীতি থেকে দূরে থাকতে হবে।
গত পাঁচ-ছয় মাসে দেশের কোনো আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কাস্টডিয়াল ডেথ, গুম বা অযাচিত নিপীড়নের কোনো রেকর্ড নেই উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, রুটিন অপারেশনাল কার্যক্রম ও আত্মরক্ষার অধিকারের আওতায় প্রয়োজনীয় বলপ্রয়োগ ছাড়া পুলিশ কোনো অন্যায় পদক্ষেপ নেয়নি। তবে অপরাধীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, সে বিষয়ে কঠোর সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
দক্ষ ও দূরদর্শী পুলিশ প্রশাসন গড়ার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, শুধু ভালো ফলাফলই যথেষ্ট নয়— মানসিকতার পরিবর্তন না ঘটলে বাস্তবে সাধারণ জনগণ যথাযথ সেবা থেকে বঞ্চিত থেকে যায়। প্রবেশনারদের বয়স ও চাকরির মেয়াদের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে তাদের জন্য ন্যায়সঙ্গত সুযোগ-সুবিধা নিশ্চিতের আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি মো. আলী হোসেন ফকির। বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির অ্যাডিশনাল ডিআইজি আবদুল আজিজ।


