অবশেষে কাটল অনিশ্চয়তা, ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের যোগদান ১ অক্টোবর
দীর্ঘ অপেক্ষা ও আন্দোলনের পর অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ ঘোষণা করেছে সরকার। আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন নির্বাচিত শিক্ষকেরা। আজ রোববার (২ আগস্ট ২০২৬) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীরা ১ অক্টোবর ২০২৬ তারিখে যোগদানের পর যথাসময়ে নিয়োগপত্র পাবেন। যোগদানের পর পদায়ন এবং পরবর্তীতে তাদের পেশাগত প্রশিক্ষণে পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগের দিন শনিবার মন্ত্রণালয় জানিয়েছিল, ১৪ হাজার শিক্ষকের যোগদান হবে ২৯ অক্টোবর। ওইদিন শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেছিলেন, তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতার কারণে ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের যোগদান বিলম্বিত হলেও ২৯ অক্টোবরের মধ্যে তা সম্পন্ন করার আশা প্রকাশ করেন তিনি।
এদিকে যোগদান ও পদায়নের সুনির্দিষ্ট ও লিখিত প্রজ্ঞাপনের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজ রোববার লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা। বৃষ্টির মধ্যেও পাঁচ শতাধিক শিক্ষক মাঠে অবস্থান নিয়েছেন, পুলিশ তাদের শাহবাগ গোলচত্বরে পৌঁছানোর আগেই জাতীয় জাদুঘরের সামনে আটকে দেয়।
শনিবার সন্ধ্যায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে শিক্ষকেরা জানিয়েছিলেন, নিয়োগ বিধিমালা-২০২৫ মেনে চলতি আগস্ট মাসের মধ্যেই তাদের যোগদান ও পদায়ন নিশ্চিত করে সুনির্দিষ্ট তারিখসহ লিখিত প্রজ্ঞাপন বা অফিস আদেশ সরকারি ওয়েবসাইটে জারির দাবি জানান তারা। কোনো মৌখিক আশ্বাস বা সংবাদমাধ্যমের বিবৃতিতে আস্থা রাখছেন না বলে সাফ জানিয়ে দেন তারা এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


