কর্মস্থলেই অসুস্থ হয়ে প্রাণ গেল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার
গণদিগন্ত ডেস্ক | নেত্রকোনা
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনুল ইসলাম (৪৫) কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সভা শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি দাপ্তরিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মোমেনুল ইসলাম হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি রক্তবমি করেন। প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোমেনুল ইসলাম ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। তাঁর বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। ২০২৫ সালের মে মাসে তিনি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তাঁর আকস্মিক মৃত্যুতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


