তীব্র বিরোধিতার মুখে পড়ে বিশ্ব ফুটবলের প্রধান প্রতিযোগিতাগুলোতে অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজেই জানিয়েছেন এই সিদ্ধান্তের কথা।

ইনফান্তিনো বলেন, প্রকল্পটি এমন এক বিভাজন তৈরি করেছে যা এর মূল লক্ষ্যের সঙ্গেই আর সামঞ্জস্যপূর্ণ থাকেনি, এবং সে কারণেই প্রস্তাবটি আর সামনে এগিয়ে নেওয়া হবে না বলে জানান তিনি।

পরিকল্পনাটির পক্ষে সমর্থন আদায়ে ইনফান্তিনো ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটিকে ৪ কোটি মার্কিন ডলার (প্রায় তিন কোটি পাউন্ড) প্রদানের প্রস্তাব দিয়েছিলেন। এই উদ্যোগের আওতায় পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগের সুযোগ রাখার পরিকল্পনা ছিল।

তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ৫৫টি সদস্য সংস্থা, বৃহস্পতিবার এক ভোটাভুটির মাধ্যমে। এর আগেও আরও দুটি বড় আঞ্চলিক ফুটবল কনফেডারেশন এই পরিকল্পনার বিরোধিতা করেছিল, যা শেষ পর্যন্ত ফিফাকে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করে।

বিতর্ক আরও ঘনীভূত হয় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুরের মন্তব্যে। তিনি অভিযোগ করেন, প্রতারণার মাধ্যমে ফিফার নিজস্ব প্রশাসনকেই এই প্রকল্প সম্পর্কে বিভ্রান্ত করা হয়েছিল। একই সঙ্গে ইনফান্তিনোর বৈশ্বিক কৌশল ও সুশাসনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগের ঘোষণা দিয়ে এই চুক্তিকে ফুটবলের জন্য ক্ষতিকর ও ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখার শামিল বলে মন্তব্য করেন।

*তথ্যসূত্র: বিবিসি স্পোর্টস, প্রতিবেদক জ্যাক স্কেলটন ও সাইমন স্টোন*