চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বিদায়ী বৈঠক
গণ দিগন্ত প্রতিবেদন
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, কূটনীতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ আগামী দিনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে জামায়াতে ইসলামীর নেতারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে জুলাই আন্দোলন-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সংলাপের পরিবেশ তৈরিতে তাঁর ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, অ্যাটাচে লিয়াং শুয়িং এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যাটাচে ওয়াং ডাউয়েই।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, নূরুল ইসলাম বুলবুল এমপি, মো. মোবারক হোসাইন, ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. জাহিদুর রহমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

