ডেস্ক রিপোর্ট :
দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডা মাতৃ ও শিশু স্বাস্থ্যকেন্দ্র (এমসিএইচ-এফপি সেন্টার) পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনকালে তিনি এ অনুদানের ঘোষণা দেন।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে যেন কোনো দুর্বৃত্ত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার সাহস না পায়, সে জন্য যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তিনি বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলছে, অন্যদিকে বিভিন্ন স্থানে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অপমান-হয়রানির শিকার হচ্ছেন। এভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়।

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সংকট তুলে ধরে তিনি বলেন, প্রয়োজনীয় জনবলের অর্ধেকও অনেক ক্ষেত্রে নেই। সীমিত জনবল দিয়ে স্বাস্থ্যসেবা খাত পরিচালিত হচ্ছে। তাই সরকারকে সব ক্ষেত্রে মানবিক ও যৌক্তিক আচরণ করতে হবে এবং দুর্বৃত্তপনা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীতে একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মোহাম্মদপুরে বাড়ি দখলের চেষ্টা এবং ইসিবি চত্বরে একটি স্টুডিওতে হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, কোনো অপরাধের বিচার করার জন্য আইনগত পদ্ধতি রয়েছে। কিন্তু কারও সম্পত্তিতে দুর্বৃত্তদের হামলা বা দখলচেষ্টার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। এমনকি তার দলের কেউ বা তিনি নিজেও কোনো অপরাধে জড়িত থাকলে তাকেও যেন ছাড় দেওয়া না হয়।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সচল করতে ঘোষিত ৫০ লাখ টাকার সহায়তাকে প্রাথমিক উদ্যোগ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এ সহায়তা অব্যাহত থাকবে। এলাকার মানুষের চিকিৎসাসেবার জন্য ভবিষ্যতে আরও সহযোগিতার প্রয়োজন হলে সেটিও করা হবে।

তিনি হামলার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন এবং অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

পরিদর্শনকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।