মান্দায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়ার আহ্বান ডা. টিপু এমপির
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আতিয়া খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, “ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।”
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখলে এডিস মশার প্রজননস্থল অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং সাবেক ছাত্রনেতা নুরবক্স মণ্ডল।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।


